গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (২১) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। বর্তমান সরকারের উপদেষ্টাদের ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গ্রেপ্তার সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
