রিসেট

প্রেসিডেন্টের আহ্বান উপদেষ্টা পরিষদে বিশেষ দোয়া

প্রকাশিত: ৩০ নভেম্বর (রবিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার আশু-রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। গতকাল প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।

উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া: উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

উপদেষ্টা পরিষদের এই সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

এ ছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া আজকের সভায় উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দি থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে জানান। তিনি বলেন, দু’-তিনদিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।