বিরাজমান প্রত্যর্পণ চুক্তির আওতায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। এ নিয়ে আজ-কালের মধ্যে দিল্লিতে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত বিবৃতিতেও প্রত্যর্পণ চুক্তির বিষয়টি স্মরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। তাই আমরা (সরকার) ভারত সরকারের প্রতি আহ্বান জানাই- তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।
রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আমাদের অবস্থান সরকারিভাবে ভারতকে জানাবো। চিঠিটি সোমবার রাতে বা মঙ্গলবার সকালে যেভাবেই হোক, পাঠানো হবে। তিনি বলেন- ঢাকার ভারতীয় হাইকমিশন অথবা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে। তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের অনুরোধটি ভারত-বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হবে।
