এই নায়ক আর এই সঙ্গীতশিল্পীর মধ্যের মতবিরোধ কারও অজানা নয়। ২০১৪ সালে, একটি অ্যাওয়ার্ড শো থেকেই শুরু হয়েছিল সমস্যা, আর তারপরে সেই সমস্যা গড়িয়েছিল কর্মক্ষেত্রেও। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দ্বন্দ্ব কারো অজানা নয়। দুজনের মনোমালিন্যের জেরে এমনকি সালমানের সিনেমা থেকে বাদ পড়েছিল অরিজিৎ-এর গান। অবশেষে এই প্রথমবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে ভাইজান সদর্পে মেনে নিলেন ভুলটা তার তরফেই হয়েছিল। বিগ বসে কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথোপকথনে বলিউড সুপারস্টারের মন্তব্য, “অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্যে গানও গেয়েছে। ‘টাইগার ৩’-তে ওর গান রয়েছে। এরপর ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতেও ওর গান থাকছে।
সালমানের কথায় রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেরই মনে হয়েছে, সালমান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। কী এমন হয়েছিল যে দু'জনের সম্পর্কে চিড় ধরে? পিছিয়ে যেতে হবে ১১ বছর আগে। সাল ২০১৪। এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সালমান-অরিজিতের কাজিয়া শুরু। মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান। সালমানের ডাকে পুরষ্কার নিতে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমানের রসবোধ যে মারাত্মক, সেটা কমবেশি সকলেই জানেন। সেদিন সালমান মজার ছলে অরিজিৎকে প্রশ্ন করেছিলেন, 'দর্শকাসনে বসে কি ঘুমিয়ে পড়েছিলে?' কম যান না গায়ক। অরিজিতের পাল্টা জবাব, 'আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।'ব্যস, তাতেই চটে যান সালমান।
তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাকে ঔদ্ধত্য দেখিয়েছেন। তার পর থেকে দেশের শীর্ষ তালিকার গায়ক হলেও ভাইজানের ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ থেকে বাদ পড়ে অরিজিৎ সিংয়ের গান। তবে সালমান যে তাকে ভুল বুঝছেন, পরে অরিজিৎ সেটা বহুবার বলার চেষ্টা করেছেন। ২০১৬ সালে প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমাও চেয়েছেন গায়ক। কিন্তু বরফ গলেননি। সালমানের রাগ একটুও কমেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন তিনি।এবার শেষমেশ সেই ঝামেলাতেই প্রকাশ্যে ইতি টেনে নিলেন ভাইজান।
সূত্র: এনডিটিভি
