রিসেট

পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই হবে: ফখরুল

প্রকাশিত: ১৩ অক্টোবর (সোমবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যদের সঙ্গে এক মতবিনিময় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আজকে যখন পিআরের বিষয়টা সামনে আসছে, তার জন্য আন্দোলন হচ্ছে, তখন স্বাভাবিকভাবে আপনারা যারা অতিদ্রুত একটা নির্বাচন চান দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা ও আমরা উদ্বিগ্ন হই।’

তিনি বলেন, ‘সেজন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, এই বিষয়টা (পিআর) আগামী পার্লামেন্টের ওপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে, এটা (বিদ্যমান ভোট পদ্ধতি) থেকে পিআরে যাবে, যাবে, জনগণ যদি মনে করে যে, পিআরে যাবে, যাবে। কিন্তু এখন তো এটা সম্পর্কে কিছুই জানে না।’

মির্জা ফখরুল বলেন, ‘পিআর পদ্ধতির সমস্যা হচ্ছে ব্যক্তির যে স্বাধীনতা থাকে তার নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতাটা দলকেই চুজ করতে হয়। অর্থাৎ ওই দলকে ভোট দিতে হবে।’

‘দল রিপ্রেজেন্টেটিভ নমিনেশনের পরে তাদেরকে পার্লামেন্টে আসার জন্য। এটার সঙ্গে আমাদের দ্বিমত। আমরা জানি যে, যে ব্যক্তিকে নির্বাচন করতে চাচ্ছেন জনগণ, তারা তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দেবে সেটা দলের লোকই হবে। এই বিষয়গুলো আমি অবতারণ করলাম এইজন্য, এগুলো আমাদের সামনে আসছে।’-উল্লেখ করেন তিনি।

এতে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থিতা হিসেবে মনোনয়নের বিষয়টি তুলে ধরেন। আগামী নির্বাচনে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা চান এবং তাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার কথা জানান বিএনপি মহাসচিব।

খ্রিষ্টান ল‘ইয়াস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলবার্ট রোজারিও‘র সভাপতিত্বে এবং বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের অনিল লিও কস্তার সঞ্চালনায় আলোচনা সভায় বেনেডিক্ট আলো ডি রোজারিও, পিউস কস্তা, রীতা রোজলীন কস্তা, প্রতাপ আগাস্টিন গোমেজ, শংকর প্যাট্রিক কস্তা, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক জন গোমেজ, রমেশ দত্ত, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।