রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৮টা থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেয়াসহ তিন দফা দাবিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। সারা দেশ থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা যোগ দেয় কর্মসূচিতে।
শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে অংশ নেয়ায় প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এসময় পুলিশ তাদেরকে সরতে বলে। না সরলে সাউন্ড গ্রেনেড, জলকামান ছোড়ে পুলিশ। কয়েকজনকে লাঠিপেটা করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।
শিক্ষকদের দাবিগুলো হলো-
১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেয়া।
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
উল্লেখ্য, সম্প্রতি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়।
