কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের কারণে প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর দিয়ে চাষ করে প্রায় ৮ বিঘা রোপা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার দিবাগত রাতে আব্দুল মান্নান বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
জানা গেছে, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান গং ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে মামলা চলে আসছে। এরা পরস্পর আত্মীয়। গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাস কলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করলে আব্দুল মান্নান থানায় মামলা করার জন্য আসেন। থানার একজন এসআই মান্নানকে সঙ্গে নিয়ে স্থানীয় সাবেক একজন বিএনপি নেতার সঙ্গে বাজারে সাক্ষাৎ করে এবং আগামী ১৫ই অক্টোবর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেবেন বলে জানান। বিএনপি নেতা ও থানা পুলিশের আশ্বাসে মান্নান মামলা না করে বাড়ি চলে যান। গত ৮ই অক্টোবর প্রকাশ্য দিবালোকে সকাল ৮টার দিকে প্রতিপক্ষ গং ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপা ধান নষ্ট করে ফেলে। এ ব্যাপারে মান্নান ওই দিনই অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরদিন ৯ই অক্টোবর রাতে মামলা দায়ের করে। এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, সালিশের ব্যাপারে তিনি অবগত ছিলেন না। তিনি বলেন ইতিপূর্বে উভয়পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করে ছিল। পুলিশ ১৫৪ ধারায় নোটিশ প্রদান করে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছিল। শুধু তাই নয়, মান্নান পক্ষের বিরুদ্ধে হালচাষ করে রোপা লাগানোর অভিযোগ করে ইব্রাহীম পক্ষ ভূমি অপরাধ ও প্রতিকার আইনে একটি মামলা করেছে, যা ভূরুঙ্গামারী থানায় তদন্তাধীন রয়েছে।
