ওটিটি প্ল্যাটফরমে আলোচিত দুই মৌলিক সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’র পর এবার বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। নতুন সিনেমার নাম ‘দেলুপি’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’, যা আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। এবার তার নতুন যাত্রা বড় পর্দায়, সিনেমা ‘দেলুপি’ নিয়ে। তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি। তাওকীর বলেন, আমি সব সময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে গতকাল সকাল ১১টায় ঘোষণা দেয়া হয় তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’র।
