জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
এ সময় ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ হাইকমিশনের ৪ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
বৈঠকে পিআর পদ্ধতিতে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।
