রিসেট

বিসিবি’র নির্বাচনে জয়ীদের পাশে রইলো ‘প্রশ্নবোধক’ চিহ্ন

প্রকাশিত: ৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বিপুল বিতর্কের জন্ম দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যেখানে জয়ী ও পরাজিত উভয় পক্ষেই রইলো প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে শুধু যে ক্যাটাগরি ঘিরে কৌতূহল ছিল, সেখানে বড় ব্যবধানে জিতেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কিন্তু নির্বাচন প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন পরাজিত প্রার্থী দেবব্রত পাল, যিনি এই নির্বাচনকে ‘ফিক্সিংয়ের চেয়েও গভীর কিছু’ বলে মন্তব্য করেছেন। নির্বাচনের ফল তখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক ফলাফল ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভেতরে শুরু হলো হুল্লোড়। খালেদ মাসুদ পাইলটের নামে স্লোগানে মুখরিত হলো চারপাশ, আর একের পর এক ফুলের মালা পরানো হলো তার গলায়। মালার ভিড়ে প্রায় হারিয়ে গেলেন তিনি। তবে এর ফাঁকেও দেখা গেল তার মুখে চওড়া হাসি। প্রথমবার বিসিবি’র পরিচালনা পর্ষদে জায়গা করে নিলেন তিনি। পরে সন্ধ্যায় বিসিবি’র নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ জুবায়েদ হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি’র নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানা নাটকীয়তা শুরু হয়। প্রথমত, কাউন্সিলর তালিকা নিয়ে আপত্তি ওঠে। এরপর প্রার্থীতা প্রত্যাহারের হিড়িক এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ নির্বাচনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে। বিসিবি’র নির্বাচনে মোট ৪২টি পরিচালক পদের মধ্যে ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত কিছুদিনের ঘটনাপ্রবাহের পর নির্বাচন চরমভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয় আগেই। সরকারি হস্তক্ষেপ, অনিয়মসহ নানা অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান আলোচিত প্রার্থী তামিম ইকবালসহ মোট ২১ জন প্রার্থী। তাতে নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায় প্রবলভাবে। নির্বাচনের আগেই পরিচালনা পর্ষদে জায়গা নিশ্চিত হয়ে যায় ৯ জনের, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। অন্যদের বেশির ভাগেরই নির্বাচনে জয় ছিল অনেকটা নিশ্চিত। মূলত নির্বাচনের দিন গতকাল (৬ই অক্টোবর, সোমবার) কিছুটা কৌতূহল ছিল স্রেফ দুটি ক্যাটাগরি ঘিরে- ৩ নম্বর ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের লড়াই এবং ১ নম্বর ক্যাটাগরিতে রংপুর বিভাগের লড়াই। শেষ পর্যন্ত এই দুটি লড়াইও জমেনি।

বিসিবি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে শুধু ৩ নম্বর ক্যাটাগরি ঘিরেই ছিল কিছুটা কৌতূহল, যা সাবেক ক্রিকেটারদের আসন হিসেবে পরিচিত। সেখানে বিপুল ব্যবধানে জিতেছেন খালেদ মাসুদ পাইলট। সাবেক এই কিপার-ব্যাটসম্যান পেয়েছেন ৩৫ ভোট। এই ক্যাটাগরিতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আরেক সাবেক ক্রিকেটার দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। উল্লেখ্য, বিসিবি’র গত নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন খালেদ মাসুদ। তবে এবারের ভোটের পর নির্বাচনে সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী দেবব্রত পাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাউন্সিলর মনে করেন, এই নির্বাচনে ফিক্সিংয়ের চেয়েও গভীর কিছু হয়েছে। তার এই মন্তব্য নির্বাচনের গোটা প্রক্রিয়া এবং ফলাফলের বৈধতাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিলো। অন্যদিকে, ১ নম্বর ক্যাটাগরির রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান, যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল আরও একজন। অন্য ক্যাটাগরিগুলোতে জয়ী প্রার্থীরাও মোটামুটি নিশ্চিতভাবেই নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের মধ্য থেকে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন করেন।

বিসিবি’র নতুন পরিচালনা পর্ষদ (নির্বাচিত ও মনোনীত) 
ক্যাটাগরি- ১ (বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা), ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন, চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান, রংপুর বিভাগ: হাসানুজ্জামান, সিলেট বিভাগ: রাহাত শামস, বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২ (ক্লাব প্রতিনিধি)
ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়জুর রহমান, আব্দুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, মোকসেদুল কামাল, এম নাজমুল ইসলাম, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি - ৩ (সাবেক ক্রিকেটার)
খালেদ মাসুদ পাইলট।
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন
এম ইসফাক হোসেন, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।