আর্জেন্টিনার হয়ে দুই দশকেরও বেশি সময় একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি আর হাভিয়ের মাসচেরানো। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাতেও দীর্ঘ সময় ধরে একে অপরকে সতীর্থ হিসেবে পেয়েছেন দু’জন। কালের পরিক্রমায় মেসি এখন ইন্টার মায়ামির খেলোয়াড়, আর মাসচেরানো মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটির কোচ। এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনার কারণে গুজব ছড়ায়, দুই সাবেক সতীর্থের মধ্যে মনোমালিন্য চলছে। তবে এসব খবর উড়িয়ে দিয়েছেন মাসচেরানো।
এমএলএসের ম্যাচে গত ১লা অক্টোবর ঘরের মাঠে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হেরে যায় মায়ামি। ওই ম্যাচেই মেসি ও মাসচেরানোর মধ্যে একটি বিতর্ক ধরা পড়ে ক্যামেরায়। ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গুজব ছড়ায় যে, দুই স্বদেশির মধ্যে বিরোধ চলছে। তবে এমন খবর উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। তিনি নিশ্চিত করেছেন, মেসির সঙ্গে তার কোনো বিরোধ চলছে না। ক্লিপটিতে তারা শুধু দলের ফরমেশন নিয়ে আলোচনা করছিলেন। এ প্রসঙ্গে ৪১ বছর বয়সী মাসচেরানো বলেন, ‘লিওর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। আমরা শুধু শিকাগোর রক্ষণ নিয়ে কৌশলগত আলোচনা করছিলাম।’ আরও ব্যাখ্যা দিয়ে মায়ামি বস জানান, শিকাগো দুই গোল দেয়ার পর তারা অনেক নিচে নেমে গিয়ে রক্ষণে জোর দিয়ে খেলতে থাকে। যার ফলে তাদের রক্ষণভাগে ফাঁকা জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ছিল। সেটি নিয়েই ডাগআউটে আলোচনা করছিলেন দু’জন। আরও স্পষ্ট করে এ আর্জেন্টাইন কোচ বলেন, ‘খবরে এসেছে যে, সে (মেসি) আমাকে চ্যালেঞ্জ করেছে, যা পুরোটাই গুজব।’
পরের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলুশনের সঙ্গে ৪-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। ইতিমধ্যে এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি। সেদিন গোলের দেখা না পেলেও, অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।
