রিসেট

৭ মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর (শনিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। প্রকাশ্যে ঘটছে একের পর এক লোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য লাঞ্ছিত-হামলার ঘটনা বাড়ছে। পুলিশের হিসাব মতে, চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৮৩টি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৩৬৮টি। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১টি। গণপিটুনিতে আগস্টে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি কঠোর ও আরও সক্রিয়তা জরুরি। এদিকে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। 

পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের সাত মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে ২ হাজার ২৯৩টি। নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৩ হাজার ১৩০টি, অপহরণের ঘটনা ঘটেছে ৬২৫টি, ছিনতাই-চুরির ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৮৭টি। এ ছাড়াও সারা দেশে ডাকাতি, দস্যুতা, দাঙ্গা, সিঁধেল চুরিসহ অন্যান্য ঘটনায় অসংখ্য মামলা হয়েছে। ২০২৪ সালে সারা দেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫টি। খুনের মামলা ৩ হাজার ৪৩২টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ১৭ হাজার ৫৭১টি, অপহরণ ৬৪২টি, পুলিশ হামলা ও লাঞ্ছিতের মামলা ৬৪৩টি, চুরি ৮ হাজার ৬৫৫টি।

নাটোর সদর উপজেলার নেপালদীঘি গ্রামে চোর সন্দেহে নবীর আলী (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত নবীর আলীর পৈতৃক বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার কালীদাসখালী এলাকায়। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। পুলিশের তথ্যমতে, রোববার ভোররাতের দিকে ইসলাবাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়ির মালামাল চুরি করে পাশের আবদুল আওয়ালের বাড়িতে ঢুকছিলেন নবীর আলী। এসময় গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নবীর আলীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ করে তিন কিশোরকে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। ২২শে আগস্ট শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রিহান মহিন (১৫)। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
রাজধানীর লালবাগে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ই আগস্ট সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত এগারোটার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য মতে, দেশে গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েছে। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১টি। গণপিটুনিতে আগস্টে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন। গণপিটুনিতে নিহতের মধ্যে ১০ জনকে চুরির অভিযোগে, ৪ জনকে সন্দেহজনক চুরির অভিযোগে, ৩ জনকে ডাকাতির অভিযোগে, ১ নারীসহ ২ জনকে পূর্বশত্রুতার জেরে, ১ জন মাদক মামলার অভিযুক্ত, ২ জনকে ছিনতাইয়ের অভিযোগে ও ১ জনকে চাঁদাবাজির অভিযোগে হত্যা করা হয়। এমএসএফের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৩৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৪৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৯টি, ধর্ষণ ও হত্যা ৪টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৯ জন প্রতিবন্ধী কিশোর ও নারী। ধর্ষণের শিকার ৪৭ জনের মধ্যে ১১ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৬ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু ও ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ২৪টি, যৌন হয়রানি ২১টি, শারীরিক নির্যাতনের ৯৪টি ঘটনা ঘটেছে। আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় শিকার হয়েছেন ৫৪৯ জন। তাদের মধ্যে দুজন নিহত এবং ৫৪৭ জন আহত হয়েছেন। 

সহিংসতার ৪৯টি ঘটনার মধ্যে ১১টি ঘটনায় রাজনৈতিক বিরোধ এবং সহিংসতাকে কেন্দ্র করে পার্টি অফিস, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমএসএফ আরও জানায়, সহিংসতার ৩৮টি ঘটনার মধ্যে বিএনপি’র অন্তর্দ্বন্দ্বে ২৩টি, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৫টি, এনসিপি-আওয়ামী লীগ দ্বন্দ্বে ২টি, বিএনপি-এনসিপি দ্বন্দ্বে ১টি, বিএনপি-জামায়াত সংঘর্ষে ২টি, আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে ১টি, আওয়ামী লীগ-গণপরিষদ ১টি, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের ২টি, গণঅধিকার পরিষদ-পুলিশের ১টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, বর্তমান সময়ে গণপিটুনি, খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই ও নারী এবং শিশু নির্যাতন, মব সন্ত্রাসসহ সব ধরনের অপরাধগুলো অনেক বেড়েছে। বর্তমানে যে অপরাধগুলো হচ্ছে তার প্রেক্ষাপটে আমরা এটি স্পষ্ট দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে অপরাধীদের শক্তি অনেক বেড়ে গেছে। দেশে একটি চক্রই তৈরি হয়েছে যারা অপরাধটি তার আয়-উপার্জনের উৎস মনে করছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমাতে আরও কঠোর হতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।