রিসেট

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসবে কৃষি সচিব

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)’র সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। দিনব্যাপী এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকাশক্তি’ যা তরুণ প্রজন্মের গবেষণা ও উদ্ভাবনমুখী চিন্তাকে কৃষিক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানানোর এক অনন্য উদ্যোগ। বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। তরুণদের উদ্যোক্তা বানানোর অভিপ্রায়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক, গাকৃবির ৩৬০ জন শিক্ষার্থী, বিভিন্ন বিজ্ঞানী, কৃষি উদ্যোক্তাসহ বিএআরসি এবং কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় বিএআরসি’র এইআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লার স্বাগত বক্তব্যের মাধ্যমে। পরে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসি’র এইআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সালাম। তিনি তার প্রবন্ধে দেশের কৃষি খাতে প্রযুক্তির প্রয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তার মোকাবিলায় তরুণদের অংশগ্রহণের ক্ষেত্র ও গুরুত্ব তুলে ধরেন। এরপর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ দেশের বিভিন্ন এলাকায় কৃষির নানাবিধ ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার সফলতার গল্প তুলেন ধরেন ১১ জন উদ্যোক্তা। এর মধ্যে গাকৃবি থেকে গ্র্যাজুয়েট সম্পন্নকারী শিক্ষার্থী ২ জন এবং পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্নকারী ১ জন শিক্ষার্থী ছিলেন। উদ্যোক্তাগণের ভিন্ন ভিন্ন সফলতার ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী শেষে তারা সফলতার গল্প শোনান এবং উদ্যোক্তা হবার পরামর্শ প্রদান করেন। উদ্যোক্তাগণের প্রাণবন্ত বক্তব্য শেষে তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এবং প্রধান পৃষ্ঠপোষক।