রিসেট

রাহুল গান্ধীর ‘হাইড্রোজেন বোমা’ হুমকি, বিজেপির পাল্টা জবাব

প্রকাশিত: ২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক ‘হাইড্রোজেন বোমা’ ফাঁস করার হুমকি দিয়েছেন। এর একদিন পর শাসক দল বিজেপি তাকে পাল্টা আক্রমণ করেছে। এর আগে রাহুল গান্ধীর দল কংগ্রেস ‘ভোট চুরি’র অভিযোগ আনে শাসকদের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস নেতা পবন খেরা দুটি সক্রিয় ভোটার নম্বর রাখেন এবং কংগ্রেস আসলে ‘চিরাচরিত ভোট চোর’।এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

কংগ্রেস সূত্রে বলা হয়েছে, পবন খেরা অনেক আগে তার পুরনো ভোটার কার্ড জমা দেয়ার আবেদন করেছেন। খুব শিগগিরই এই অভিযোগের জবাব দেবেন তিনি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভোটার তালিকার ছবি শেয়ার করে দাবি করেন, পবন খেরার নামে দিল্লির নিউ দিল্লি ও জানগপুরা বিধানসভায় দুটি সক্রিয় ভোটার আইডি নম্বর রয়েছে। কংগ্রেসের প্রচার ও গণমাধ্যম শাখার প্রধান পবন খেরা নিজেই ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তুলে ধরার প্রচারণার অন্যতম মুখ। অমিত মালব্য এক্সে লিখেছেন, রাহুল গান্ধী ছাদ ফুঁড়ে ‘ভোট চুরি’ বলে চিৎকার করছেন। কিন্তু যেমন তিনি ভুলে গেছেন যে তার মা সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তেমনই এখন দেখা যাচ্ছে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা- যিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা দেখাতে কোনো সুযোগ হাতছাড়া করেন না, তিনি দুটি সক্রিয় ভোটার আইডি (জানগপুরা ও নিউ দিল্লি বিধানসভায়) ধরে রেখেছেন।

তিনি আরও বলেন, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব এটি তদন্ত করার যে কীভাবে পবন খেরা দুটি সক্রিয় ভোটার নম্বর রেখেছেন এবং তিনি একাধিকবার ভোট দিয়েছেন কি না, যা নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন। শুধু তা-ই নয়, একাধিক ভোটার কার্ড রাখার অপরাধ যথেষ্ট না হওয়ায়, পবন খেরা বিহারে বিভ্রান্তিকর সংবাদ সম্মেলন করে ভোটারদের ভুল পথে চালিত করছেন এবং ভারতের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, রেকর্ডের জন্য বলি-  রাহুল গান্ধী এখনও পর্যন্ত মিথ্যা অভিযোগের তদন্ত দাবি করে শপথপূর্বক কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি, যা তিনি বেঙ্গালোরের মহাদেবপুরা বিধানসভা নিয়ে করেছেন। উপরন্তু, মহারাষ্ট্রে অনিয়মের অভিযোগ করা মামলাও ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। 

কংগ্রেসকে তিনি আখ্যা দেন ‘চিরাচরিত ভোট চোর’ হিসেবে। বলেন, তাই তারা সবার ওপর কাদা ছুড়তে চায়। দীর্ঘদিন তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে বিকৃত করেছে। বেআইনি অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়ে ম্যান্ডেট চুরি করেছে। আর এখন তারা শঙ্কিত যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তাদের আসল মুখ উন্মোচন করে দেবে। ভারতের এখন বোঝা উচিত যে রাহুল গান্ধী আমাদের গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ওদিকে কংগ্রেস সূত্রে বলা হয়েছে, পবন খেরা জানগপুরায় নতুন ভোটার আইডি নেয়ার সময় পুরনো কার্ড জমা দেয়ার জন্য আবেদন করেন। তিনি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জবাব দেবেন। অমিত মালব্যর এই আক্রমণ এসেছে একদিন পর, যখন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার ‘ভোট চুরি’ অভিযানের অংশ হিসেবে এক ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দেন।

রাহুল গান্ধী বলেন, বিজেপির লোকেরা আমাদের কালো পতাকা দেখিয়েছে। আমি তাদের বলতে চাই, মন দিয়ে শোনো। তোমরা কি অ্যাটম বোমার চেয়েও বড় কিছু শুনেছ? অ্যাটম বোমার চেয়ে বড় কী আছে? সেটা হলো হাইড্রোজেন বোমা। মহাদেবপুরায় আমরা অ্যাটম বোমা দেখিয়েছিলাম। বিজেপির লোকেরা প্রস্তুত থাকো, হাইড্রোজেন বোমা আসছে। খুব শিগগিরই মানুষ তোমাদের (বিজেপির) ভোট চুরির আসল চেহারা জেনে যাবে। কংগ্রেস অভিযোগ করেছে, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে বিজেপি জনমত চুরি করছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়েই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।