এশিয়া কাপ সামনে রেখে ব্যাটে শান দিচ্ছেন আসিফ আলী। পাকিস্তানের এই হার্ডহিটার প্রতিদিন অনুশীলনে ছ ক্কার পর ছক্কা হাঁকিয়ে তৈরি করছেন নিজেকে। দুবাইয়ে গত টি- টোয়েন্টি বিশ্বকাপে বাহুর জোর দেখান আসিফ আলী। পরিচিত ভেন্যুতে আবার ব্যাট হাতে ঝড় তুলতে চাইছেন তিনি। এবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় পরীক্ষা দিতে হবে পাকিস্তানকে। বাবর আজমের দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে ২৮শে সেপ্টেম্বর। আসিফ আলী ওই ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। দলের রিকোয়ার রেট যখন ১০-এর উপরে উঠে যাবে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক এ কাজটিই করেছিলেন আসিফ আলী। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হারতে বসেছিল পাকিস্তান। তবে ১২ বলে ৩ ছক্কায় হার না মানা ২৭ রানের ইনিংসে জিতিয়েই মাঠ ছাড়েন আসিফ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও আসিফের ব্যাটে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রান করেন অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে দেয়া এক ইন্টারভিউয়ে আসিফ আলী বলেন, ‘আমি এমন একটা পজিশনে ব্যাট করতে নামি যখন কিনা ওভারপ্রতি দলের ১০ রানের বেশি প্রয়োজন। এই পরিস্থিতিতে অবশ্যই বড় শট খেলতে হবে। এরজন্য অনেক অনুশীলন দরকার। আমি প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকিয়ে প্রস্তুতি নিচ্ছি যেন ম্যাচে অন্তত ৪-৫টা মারতে পারি।’বলের মেধা বিচার করে ভিন্ন ভিন্ন শটে ছক্কা মারতে চান আসিফ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। টি-টোয়েন্টি ম্যাচে যখন আমি ব্যাটিংয়ে নামি, আমার ওপর বেশ চাপ থাকে। আমি চেষ্টা করি বলের লাইন-লেন্থ বিচার করে হিট করতে। একই শট বারবার খেলার চিন্তা কখনো করি না।’২০১৮তে টি-টোয়েন্টি অভিষেক আসিফ আলীর। ৩৯ ম্যাচে ১৩৩.৮৪ স্ট্রাইকরেট আর ১৭.৪০ গড়ে ৪৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৪১* রানের। গত ৫ই এপ্রিল লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন আসিফ আলী।
