পিতার মতোই মানুষের সেবা করতে চান দেশের অন্যতম চিকিৎসক নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী নাজমুল হুদা বিপ্লব। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন আশা ব্যক্ত করেন। তার পিতা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপের অন্যতম নেতা ছিলেন। ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতাদের একজন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখ করে ডাক্তার বিপ্লব বলেন, তিনি ছিলেন আড়ম্বরহীন নেতা। তৎকালীন সময়ে ঢাকা মেডিকেল থেকে পাস করে এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত হন। মানুষের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে মনপ্রাণ উজাড় করে দেন। কোনো লোভ-লালসা তাকে বিচলিত করেনি। এ কারণে পরবর্তীতে মন্ত্রী হওয়ার পরও সংসার চালানোর জন্য তাকে জমি বিক্রি করতে হয়। তার মতোই এলাকার লোকজনের দুঃখ-দুর্দশা লাঘব, জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে দলের মনোনয়ন চাইবো। মনোনয়ন পেলে জনকল্যাণে কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি নির্বাচনী এলাকার সরাইল ও আশুগঞ্জ উপজেলার উন্নয়নে তার নানা কর্মপরিকল্পনার উল্লেখ করেন। এর মধ্যে ‘ট্রমা হাসপাতাল’ প্রতিষ্ঠায় তার চেষ্টা থাকবে বলে জানান এ বিএনপি নেতা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, বিএনপি নেতা এডভোকেট সামসুজ্জামান কানন, প্রচার সম্পাদক মো. মাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ড্যাব নেতা আক্তার হোসেন প্রমুখ।
