রিসেট

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮ আগস্ট (শুক্রবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি দোকানে প্রকাশ্য এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। এর আগে গত ৩১শে জুলাই বিকালে তিনি ফুটপাথে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন। 

নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন তিনি। 

স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাথ ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ৩১শে জুলাই বিকালে লাইভ করেন তিনি। এরপর ওইদিন রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এ সময় তিনি দৌড়ে বাঁচার চেষ্টা করে একটি মুদির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা তখন তাকে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।