সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্র ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আজ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাত সদস্য দেশই অংশ নিচ্ছে এই বয়সভিত্তিক আসরে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। আর ‘বি’ গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের তিন প্রতিপক্ষ পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থার শেষে দুদেশের রাজনৈতিক বৈরতার অবস্থান চরমে। ক্রীড়াঙ্গনেও এর ছাপ দেখা যাচ্ছে। শনিবার ক্রিকেটের সাবেকদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অন্তত পাঁচ ভারতীয় ক্রিকেটার। এতে করে বাতিল হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচও। এমন পরিস্থিতিতে এবার সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে দেশ দু’টি। আগামী ১৫ থেকে ২৭শে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ২০২৪-এ টুর্নামেন্টটির আগের আসরের ফলাফল অনুযায়ী সাজানো হয় ড্রয়ের পট। এদিন বয়সভিত্তিক টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল। স্বাগতিক হিসেবে প্রথম পটে ভারতের সঙ্গে ছিল লঙ্কানরা। ড্রয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে উঠে আসে শ্রীলঙ্কা ও ‘বি গ্রুপের প্রথম দল ভারত। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ তোলেন ড্রয়ের পট। এর মধ্যে পিটার বাটলার প্রথমে তোলেন বাংলাদেশের নাম। নেপালের কোচ পট থেকে ‘এ’ গ্রুপ তুললে শ্রীলঙ্কার গ্রুপে যায় লাল সবুজের দল। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দী ভারতের গ্রুপে চলে যায় পাকিস্তান। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল আসে ‘এ’ গ্রুপে আর ভুটান যায় ‘বি’তে। সবশেষ পটে থাকে মালদ্বীপ। চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের ম্যাচ কমিশনার আসিফ আনসারী গ্রুপ পট থেকে তোলেন ‘বি’। এতে করে চার দলে পরিনত হয় গ্রুপটি, বাংলাদেশের গ্রুপে থাকে তিনটি দলই।
‘এ’ গ্রুপে ম্যাচ হবে তিনটি। ‘বি’ গ্রুপে চারটি দল থাকায় ম্যাচ হবে ছয়টি। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে। ২৭শে সেপ্টেম্বর ফাইনাল।
