গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে পোশাক শ্রমিক কিশোরীকে (১৪) ধর্ষণে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ই জুন) দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধর্ষককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত লিটন ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার ডুবাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে তালহা স্পিনিং মিল্স লিমিটেড কারখানার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতো।
শ্রীপুর থানার ওসি জানান, ভিকটিম কিশোরী স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতো এবং ডাচ্-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা উঠাতো। ওই বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে কিশোরীর সঙ্গে লিটনের পরিচয় হয়। পরে ভিকটিমকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার আশ্বাস দেয় লিটন। ঘটনার দিন রোববার (১৫ই জুন) সকাল ৬টায় লিটন ভিকিটিমের বাবার মুঠোফেনে ফোন করে তার মেয়েকে এটিএম বুথে পাঠাতে বলে। এদিন সকালে কিশোরীকে তার বাবা এটিএম বুথে পাঠালে ওই বুথের ভিতরে থাই গ্লাস দিয়ে আটকানো একটি কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে ধর্ষক লিটন পলাতক ছিল। পরে এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ লিটনকে গ্রেপ্তার করে।
