রিসেট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৩ আগস্ট (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নারায়ণপুর ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

ইউপি সদস্য আব্দুল আলীম জানান, রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা বাংলাদেশি ফিরে আসেন।

স্থানীয়রা জানায়, বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আব্দুল্লাহ গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গরু আনতেই ভারতে যান বলে জানা যায়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, ‘সীমান্ত এলাকা থেকে একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এ বিষয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ এখনো চিঠির উত্তর দেয়নি।