শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন ঘোষণা শোনামাত্রই জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ উল্লাসে মেতে উঠেন আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি ও সাধারণ মানুষ। শহর-গ্রাম, বাজার, রাস্তা-ঘাটে হাজার হাজার নারী-পুরুষ জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে আনন্দ উল্লাস ও রাস্তায় নামাজ শেষে মোনাজাত করেছেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন উপজেলার কার্যালয় উত্তেজিত জনতা আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন, এ বিজয় ছাত্র-জনতার। এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিজয়। শত শত প্রতিবাদী ছাত্র-জনতা ও শিশুদের জীবন উৎসর্গের মধ্যদিয়ে গণতান্ত্রিক রাজনীতির বিজয় অর্জন হয়েছে। বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে রাখবে। জেলার সকলকে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তারা।
