রিসেট

নতুন সময়সূচিতে অফিস-ব্যাংক

প্রকাশিত: ২০ জুন (বৃহস্পতিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

ঈদুল আজহার ছুটির পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রথম কর্মদিবসেই নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে  সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল  থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হয়। 

নতুন নিয়মে বুধবার থেকে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংক লেনদেন হ‌য়ে‌ছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলতো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসেবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে। গত ৩রা জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিসসূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন অফিসসূচি কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।  ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। রোববার থেকে বৃহস্পতিবার মাঝখানে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। পরে গত ৯ই জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে  এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রা হয়। নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯শে জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঈদের আমেজ: ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে গতকাল খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। মন্ত্রণালয় ও বিভিন্ন  বিভাগে এমন চিত্র দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, ঈদের তিন দিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং ও অন্যান্য এলাকায়ও ভিড় নেই বললেই চলে। সোমবার দেশে ঈদ উদ্যাপিত হয়। সে হিসাবে ১৬ই জুন থেকে ঈদের ছুটি শুরু হয়, যা শেষ হয় মঙ্গলবার (১৮ই জুন)। তাই  গতকাল থেকে স্বাভাবিক নিয়মে অফিস শুরু হয়েছে।