চট্টগ্রামের হাটহাজারীতে মাহমুদ আল আজাদ নামে এক সাংবাদিককে অপহরণ ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ রুজু হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকায় হাটহাজারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে পৌরসভার মেডিকেল গেট সংলগ্ন এলাকায় ১৫-২০ জন সন্ত্রাসী ৪-৫টি সিএনজি অটোরিকশাযোগে সাংবাদিক আজাদকে মারধর ও টানাহেঁচড়া করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মাহমুদ আল আজাদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে থানায় লিখিত সাধারণ ডায়েরি রুজু করেন। প্রসঙ্গত, পৌরসভার আদর্শ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় মাহমুদ আল আজাদকে হত্যা করতে অপহরণ করার চেষ্টা করে। এ বিষয়ে মাহমুদ আল আজাদ বলেন, স্থানীয় শ্রমিক লীগ নেতা কামালের বিরুদ্ধে প্রতিবন্ধী থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে টাকা আত্মসাৎ করার নিউজ করলে আমার ওপর ক্ষেপে যায়।
বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে কৌশলগতভাবে আমাকে অপহরণ করতে চেষ্টা করেছে তার ছেলে আরমানের নেতৃত্বে। আমি গত এক সপ্তাহ ধরে তাদের হুমকির কারণে আমার বাড়িতে যেতে পারছি না। আমার বাড়িতেও প্রতিদিন রাতে বিভিন্ন স্লোগান গালাগালি করে আসছে। তারাও নিরাপদ নেই। যেকোনো সময় তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি। হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকের নিরাপত্তায় আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
