ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শীষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার ভিডিও করায় এক সংবাদকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ‘একুশে সংবাদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নোমান সায়েম জানান, সকাল ১০টার দিকে সদর দক্ষিণের শীষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু যুবক জালভোট দেয়ার সময় তিনি ভিডিও করায় তার গায়ে হাত তোলা হয় এবং ভোট কক্ষের বাইরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে থাকা অন্যান্য সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। এ বিষয়ে তিনি জানান, কাপ পিরিচ প্রতীকের কর্মী মো. আব্দুল্লাহ তাকে হেনস্তা করে।
