রিসেট

বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে কেন এত বিলম্ব!

প্রকাশিত: ১১ মে (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

৭ই জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে  যুক্তরাষ্ট্রের ডালাসে মাঠে নামবে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না হাতে এক মাসও বাকি নেই। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ নিজেদের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। কিন্তু সেখানে বাংলাদেশ সময় নিচ্ছে আরও অনেকটা সময়। তবে নিয়ম মেনে এই ১লা মে আইসিসিকে দল পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রশ্ন হচ্ছে- তাহলে সেটি প্রকাশ করতে অপেক্ষা কেন! আগেই জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তারা একটি সুযোগ নিতে চান। যদি কেউ ইনজুরি হয় বা কোনো কারণে কাউকে বাদ দিতে হয় সেজন্য তারা শেষ পর্যন্ত দেখবেন। এজন্য হাতে সময় আছে ২৫শে মে পর্যন্ত। তবে যতটা জানা গেছে ১২ই থেকে ১৬ই মের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে। অবশ্য তার আগে বাংলাদেশ যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানে স্বাগতিকদের সঙ্গে খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ই মে দেশ ছাড়ার আগেই সেই সিরিজের জন্য বিসিবি দল ঘোষণা করবে।

যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সঙ্গী যুক্তরাষ্ট্র তাই আসন্ন দিপক্ষীয় সিরিজের দলটিই হবে বিশ্বকাপের ছায়া। জানা গেছে, বিশ্বকাপের ১৫ জনতো  এই দলে থাকবেই সঙ্গে নেয়া হতে পারে ব্যাকআপ আরও দু’জনকে! বিসিবি’র একটি সূত্র জানা্- ‘ব্যাকআপ দু’জন নেয়ার পরিকল্পনা আছে। এখনই আমরা এ নিয়ে কিছু বলতে চাই না। কারণ ক্রিকেটারদের ইনজুরিতো আর বলেকয়ে আসে না! বিষয়টি প্রধান কোচের পরিকল্পনার উপরই নির্ভর করছে।’

বিশ্বকাপের দল নিয়ে বেশকিছু প্রশ্ন ছিল এর মধ্যে সবচেয়ে বেশি করা হচ্ছে ওপেনার! জিম্বাবুয়ে সিরিজে সেই প্রশ্নের উত্তর মিলেছে। প্রথম তিন ম্যাচে ফর্মে না থাকলেও লিটন দাসই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অন্যতম পছন্দ। তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই বলেই জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি- টোয়েন্টিতেও তাকে দলে রাখা হয়েছে। তবে তাকে চতুর্থ ম্যাচে রাখা হয়নি একাদশে। তার পরিবর্তে ওপেনার হিসেবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকারকে খেলানো হয়েছে গতকাল। মাঠে নেমেই তিনি ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তার মানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। সেই ক্ষেত্রে এটি সহজেই অনুমেয় দলের তৃতীয় ওপেনার হিসেবে তার অবস্থান। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া দুই ওপেনার তানজিদ হাসান তামিম দুই ফিফটি হাঁকিয়ে তার জায়গাটা পাকাপোক্ত করেছেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিনি আউট হয়েছেন ৩৭ বলে ৫২ রান করে। আপাতত ওপেনার নিয়ে যে চিন্তা ছিল তার সমাধান হয়েছে প্রধান কোচের পছন্দমতোই। বিসিবি’র সূত্রটি জানায়- ‘অবশ্যই প্রধান কোচের পরিকল্পনা অনুসারেই দল সাজানো হয়। খুব বড় ভুল না হলে তার পকিল্পনার গুরুত্ব তো দিতেই হবে।’ 

অন্যদিকে  অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের পরীক্ষার কোনো কারণ নেই। তারা এরই মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। শান্ত ফর্মে না থাকলেও তিনি যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। রিয়াদকে চতুর্থ ম্যাচে রাখা হয়নি, সাকিব দলে ফিরেছেন ম্যাচ অনুশীলনটা সেরে নিতে। গতকাল বাদ চতুর্থ ম্যাচে একাদশে রাখা হয়নি  পেসার মোহাম্মদ সাইফ উদ্দিনকেও। ৩ ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্বকাপ দলে থাকার যোগ্যতা প্রমাণ করেছে এই পেস বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন ও শরিফুলের সঙ্গী হবেন তিনি। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে  শেখ মেহেদীর থাকা প্রায় নিশ্চিত হয়ে গেছে। লেগ স্পিনার হিসেবে দলে থাকছেন রিশাদ হোসেন। দুই স্পিনার ৪ পেসার নিয়েই হয়তো সাজানো হবে বিশ^কাপের বোলিং আক্রমণ। 
অন্যদিকে ওপেনিংয়ের চিন্তা দূর হয়েছে। মিডল অর্ডারে  তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান ও অধিনায়ক শান্তই বড় ভরসা। এরপর জাকের আলী অনিক, মাহমুদউল্লাহরা দলের হাল ধরবেন। ১৫ জনের যে স্কোয়াড এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অলরাউন্ডাররাই।