রিসেট

পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি ঢাকা লীগে প্রথম

প্রকাশিত: ৪ মে (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

৪ বছর ১০ মাস পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লীগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের জার্সিতে গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০৭ রানের ইনিংসটি খেলেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্ট এ ক্যারিয়ারে এটি সাকিবের দশম সেঞ্চুরি। যার ৯টি আন্তর্জাতিক পর্যায়ে। ঢাকা লীগে সাকিবের এটি প্রথম সেঞ্চুরি। স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম। শেখ পারভেজ জীবনের বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৭৩ বলে সেঞ্চুরির দেখা পান সাকিব। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ১০৭ রান। ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৭টি ছক্কায়। আব্দুল গাফফারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ধরা পড়েন জীবনের হাতে। সাকিবের সেঞ্চুরিতে ভর করে সুপার লীগের চতুর্থ রাউন্ডে গাজী গ্রুপকে চ্যালেঞ্জ ছুঁড়ে শেখ জামাল। ৯ উইকেটে ধানমণ্ডির ক্লাবটি ২৮৯ রান করে। মাত্র ৫১ বলে ৭১ রান করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এ ছাড়া ৮৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন ফজলে মাহমুদ রাব্বি। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মাহফুজুর রাব্বি ও আব্দুল গাফফার। তবে সাকিবের সেঞ্চুরি ম্লান করে দিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। রাব্বির ১২৫ রানের ওপর ভর করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১১৮ বলে তিনটি চার ও ১২ ছক্কায় ১২৫ রানের ইনিংসটি খেলেন রাব্বি। গতকাল ১২টি ছক্কা হাঁকিয়েছেন প্রাইক ব্যাংকের জাকির হাসান। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড।