রিসেট

দাবদাহ এড়াতে ফ্লাডলাইটেই মেয়েদের ফুটবল লীগ

প্রকাশিত: ২৮ এপ্রিল (রবিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

দাবদাহের মধ্যে দিনের বেলায় মেয়েদের ফুটবল লীগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পূর্বের  সিদ্ধান্ত অনুযায়ী গতকাল প্রচন্ড দাবদাহের মধ্যে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আতাউর রহমান ভূইয়া সিএসসি ও সেনাবাহিনী ফুটবল ক্লাব। লীগের উদ্বোধন করতে এসেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মেয়েদের খেলার সূচি পাল্টে দিলেন। উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘আমি এখানে উদ্বোধন করতে আসার সময়ই অনুভব করলাম এই গরমে মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয় দিনের বেলায়। তাই ঠিক করেছি আগামীকাল (আজ) থেকে ফ্লাডলাইটে খেলাগুলো হবে, বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭টায়।’ অথচ আগেরদিন  ম্যাচ প্রতি ১৩ হাজার টাকার মত ফ্লাড লাইটের বিল দেওয়ার মত সঙ্গতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেই বলে জানিয়েছিলেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার অপারগতা প্রকাশের পর একদিনের মাথায় সভাপতি অসম্ভবকে সম্ভব  করে বলেন, ‘আমার অফিস যা করেছে সেটাই করার কথা। কারণ আমাদের অর্থ সংকট আছে। কিন্তু তার জন্য কোন কিছুই আসলে থেমে নেই। আমি আমার সেক্রেটারিকে বলেছি তুমি ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলো, অর্থের সংস্থান আমি করবো।’ তাতেই মেয়েদের ফুটবলে আসলে স্বস্তি ফিরেছে। কমলাপুর স্টেডিয়ামে ঘাসেও নয়, মেয়েদের খেলতে হলো টার্ফে। যা রোদে আরও বেশি গরম হয়ে ওঠে। প্রাথমিকভাবে খেলার সূচি ছিল সকাল সাড়ে ৯টা ও বিকাল পৌনে ৪টা। গতকাল সেই সূচি মেনে আতাউর রহমান ভূঁইয়া সিএসসি ও সেনাবাহিনী ফুটবল ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে  ছোট ভাই কোচ  গোলাম রায়হান বাপনের আতাউর রহমান ভূঁইয়া সিএমসিকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বড় ভাই গোলাম রব্বানী ছোটনের আর্মি ফুটবল ক্লাব। আর্মির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সুলতানা। আজ খেলাগুলো হবে ফ্লাডলাইটে। বিকাল ৫টায় ফরাশগঞ্জ স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে উত্তরা ফুটবল ক্লাব আর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা রেঞ্জার্সের মুখোমুখি হবে সিরাজ স্মৃতি সংসদ।