রিসেট

রাকিবের জোড়া গোলে বড় জয় বসুন্ধরার

প্রকাশিত: ৬ এপ্রিল (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বসন্ধুরা কিংসের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। গতকাল একপেশে ম্যাচে ডোরিয়েল্টন, রাকিব হোসেনদের নৈপুণ্যে বন্দর নগরীর দলটিকে বড় ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারায় কিংস। প্রথম লেগের দেখায় ৩-০ ব্যবধানে জিতেছিল অস্কার ব্রুজনের দল। সহজ জয়ে প্রিমিয়ার লীগের মুকুট ধরে রাখার পথেই থাকল কিংস। ১১ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে তারা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৮। এদিন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংসের শুরুটাও ছিল দাপুটে। দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে গোলের কৃতিত্ব যতোটা কিংসের ফুটবলারদের, তারচেয়ে বেশি দায় চট্টগ্রাম আবাহনীর ঢিলেঢালা রক্ষণের। রিমন হোসেনের পাস আটকাতে পারেননি রায়হান হোসেন, বল চলে যায় ডোরিয়েল্টনের পায়ে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রুখে দিতে পারেননি আশরাফুল ইসলাম রানা। দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় রবসন দি সিলভা রবিনিয়ো।

 বক্সে  রায়হানের হাতে বল লাগলে পেনাল্টি পায় কিংস। ১৯তম মিনিটে রাকিবের গোলের সুরও বেঁধে দেন এই ব্রাজিলিয়ান। মাঝমাঠ থেকে রবিনিয়োর লং থ্রু পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষক রানার মাথার উপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন রাকিব। ৩৮তম মিনিটে ডোরিয়েল্টনের কাট ব্যাকে রিমনের শট যায় বাইরে। পোস্টে রাখতে পারলে হতে পারত গোলও। প্রথমার্ধের যোগ করা সময়ে বোবুরবেকের থ্রু পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুণি শটে রানাকে পরাস্ত করেন আসরোর গফুরভ। তাতে প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য হেলে পড়ে কিংসের দিকে। ম্যাাচের ৫৩তম মিনিটের গোলে রাকিবের অবদান স্রেফ গোলমুখ থেকে টোকা দেওয়া। এই আক্রমণ মূলত শাণিয়েছিলেন দুই ব্রাজিলিয়ান। 

নিজেদের বক্সের একটু উপর থেকে ব্যাক হিলে ডোরিয়েল্টনকে বল বাড়িয়ে লাইন ধরে ছুটছিলেন রবিনিয়ো। মাঝমাঠে এসে রবিনিয়োকে পাস দিয়ে ছুটতে থাকেন  ডোরিয়েল্টন এবং এরপর স্বদেশির কাছ থেকে ফিরতি পাস পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান তিনি; রাকিব টোকায় সারেক বাকি কাজটুকু। এটি লীগে রাকিবের অষ্টম গোল। আট গোল নিয়ে গোল দাতাদের তালিকায় দুই নম্বরে রাকিব। নয় গোল নিয়ে তালিকায় সবার উপরে কিংসের ব্রাজেলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেজ ও আবাহনীর স্টুয়ার্ট কর্নেলিয়াস। রাকিবের গোলের পরেই কিংসের আক্রমণের গতি কমে। তবে সেই সুযোগে চট্টগ্রাম আবাহনী পারেনি কক্ষপথে ফিরতে। বারকয়েক চেষ্টা করেছে দলটি, তবে জিকোর দৃঢ়তায় গোলের দেখা পায়নি। এতেই টানা তৃতীয় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই হারে ১১ ম্যাাচে দুই জয় চার ড্র আর পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে অস্টম স্থানেই পরে রইলো চট্টগ্রাম আবাহনী।