রিসেট

সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগ জয়ী

প্রকাশিত: ১১ মার্চ (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে এডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সম্পাদক, দুই সহ-সভাপতি, দুই সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে সভাপতি ও তিনটি সদস্যসহ চার পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত শনিবার  রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ সাগর দুই হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। সভাপতির একই পদে এডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ পেয়েছেন ৪৬ ভোট এবং অপর সভাপতি প্রার্থী এম কে রহমান পেয়েছেন ২২৯ ভোট। সম্পাদক পদে সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক তিন হাজার ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) এক হাজার ৭০২ ভোট পেয়েছেন। 

স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা (যুথী) পেয়েছেন ২৬৯ ভোট এবং অপর সম্পাদক প্রার্থী এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া পেয়েছেন ৬০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী বিএনপি-সমর্থিত অন্য তিনজন হলেন- সৈয়দ ফজলে এলাহী অভি, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম। আওয়ামী লীগের প্যানেল থেকে বিজয়ী অন্য ৯ জন হলেন- সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার, সহ-সভাপতি পদে ড. দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন, ট্রেজারার পদে মোহাম্মদ নুরুল হুদা আনছারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সম্পাদক পদে মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব)। সদস্য পদে বিজয়ী চার জন হলেন- রাশেদুল হক খোকন, মো. রায়হান রনী, মো. বেল্লাল হোসেন (শাহীন) ও খালেদ মোশাররফ (রিপন)। ৭ তারিখ বুধবার ও বৃহস্পতিবার  দু’দিন ভোটগ্রহণ হয়। ভোট শেষ হওয়ার পরে গভীর রাতে গণনা নিয়ে তিন পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে আওয়ামী লীগ সমর্থিতরা গত শুক্রবার সকালে দিনের আলোতে ভোট গণনার প্রস্তাব দেন। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা তাতে আপত্তি জানান। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। যুথী রাতেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করার দাবি জানান। দাবি না মানলে পরে যুবলীগের নেতাকর্মীরা বার অডিটোরিয়ামে ঢুকে পড়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) কে মারধর করে। 

পরে এই ঘটনাকে কেন্দ্র করে ফলাফল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মারধরের ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে মামলাটি করেন। এতে ১ নম্বর আসামি করা হয় এডভোকেট নাহিদ সুলতানা যুথী ও ২ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। গত শুক্রবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় পল্টন চেম্বার থেকে এডভোকেট রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করে পুলিশ।  নানা নাটকীয়তার পর গত শনিবার বিকাল ৩টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। যে ভবনে ভোট গণনা করা হয়েছে, সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। গণনায় প্রথমে বিএনপি সমর্থিতরা না যাওয়ার ঘোষণা দিলেও পরে হঠাৎ বিকাল ৫টার দিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে হাজির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তখন তাকে সামনে রেখেই ভোট গণনা করা হয়। গণনা শেষে তাকে ও শাহ মঞ্জুরুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ভোটের সংখ্যা নিয়ে গরমিল থাকায় ফলাফল প্রত্যাখ্যান করে সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন পুনরায় ভোট গণনার দাবি জানান। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনারকে একটি লিখিত চিঠি দেন। তবে গভীর রাতেই কমিশন পূর্ণাঙ্গ ফল প্রকাশ করে নির্বাচন প্রক্রিয়া শেষ করেন।