টি-টোয়েন্টি লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিয়ে ফটোসেশন করে বিজয়ী দল। সেখানে ক্যামেরার সামনে নানাভাবে উল্লাস করে তারা। তবে শ্রীলঙ্কার উল্লাসের ধরন অবাক করে সবাইকেই। কারণ, এদিন লঙ্কান ক্রিকেটাররা পোজ দিলেন ‘টাইমড আউটের’ ভঙ্গি করে। ম্যাচ শেষে এটিকে ‘বেশি মাতামাতি’ হিসেবে আখ্যা দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস বলেন, ‘উদ্যাপন করছি কারণ আমরা খুশি।’ টাইমড আউট উদযাপন কেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে ফিরে যেতে হবে ৫ মাস আগে। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর থেকে টাইগারদের তখনকার অধিনায়ক সাকিব আল হাসানের প্রতি ক্ষুব্ধ তারা। ওই ম্যাচেই সাকিব আউট হওয়ার পর প্রথম টাইমড আউট ভঙ্গিতে উদযাপন করেন ম্যাথিউস। এবারের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে আউট করার পর বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকেও দেখা যায় এমন উদযাপন করতে। এরপর তো সিরিজ জিতে পুরো শ্রীলঙ্কা দল একসঙ্গে এমন উদযাপন করলো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন শুনে না বোঝার ভান করে উল্টো মেন্ডিস প্রশ্ন করেন, ‘কিসের উদযাপনের কথা বলছেন?’ পরে বুঝিয়ে বলার পর একটু হেসে বলেন, ‘কেউ একজন টাইমড আউট উদযাপন করছিল। আমি জানি না কেন করছিল।’
এরপর বিশ্বকাপের ঘটনা আলোচনায় নিয়ে আসার ব্যাপারে জিজ্ঞাসা করলে এই ডানহাতি বলেন, ‘আমরা আমাদের উদযাপন করছি। আমরা উদযাপন করছি, কারণ আমরা খুশি।’ তবে তার আগে সংবাদ সম্মেলনে লঙ্কান ক্রিকেটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। ওয়ানডে ও টেস্টে লঙ্কানদের এমন অঙ্গভঙ্গি কিভাবে সামলাবেন? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’ শান্তর কথা ধরে মেন্ডিসকে জিজ্ঞাসা করলে উত্তর দেন পাশে বসা শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। তার মতে দুই দলেরই এটি ভুলে যাওয়া উচিত।
নাভিদ বলেন, ‘আমার মনে হয়, আমরা সেই ঘটনা থেকে বেরিয়ে এসেছি। তখন হয়তো এই উদযাপনটাকে অনেকেই ভুল বুঝেছে। এটা ম্যাচের উত্তেজনায় হয়েছে। দুই দলেরই এটি ভুলে যাওয়া উচিত।’ সিরিজের শেষ ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গেও শ্রীলঙ্কান ক্রিকেটাদের উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়। এ প্রসঙ্গে মেন্ডিস বলেন, ‘আমি কিছু শুনিনি। সবাই উদযাপন করছিল।’ দুই দলের মধ্যে সামপ্রতিককালে ঘটা একাধিক বিতর্ক নিয়ে নাভিদ বলেন, ‘দুই দলই লড়াকু ক্রিকেট খেলে। ম্যাচের মধ্যে আবহ দারুণ থাকে। ওরা শতভাগ দিয়ে খেলছে। মাঝেমধ্যে আবেগ বেরিয়ে আসছে। কিন্তু খেলোয়াড়েরা বাউন্ডারি সীমানার বাইরে কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ। মাঠের ভেতর ওরা লড়াই করছে। এটাই খেলা। যতক্ষণ পর্যন্ত আপনি মাঠের শৃঙ্খলা বজায় রাখছেন, ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে।’ তবে মাঠের বাইরে যতোই বন্ধুত্বের স্লোগান উঠুক মাঠের ভিতর নিকট ভবিষ্যতে পরিস্থিতি ঠান্ডা হওয়ার সম্ভাবনা কম। আগামী বুধবার শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। যেভাবে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে তাতে ওয়ানডে সিরিজেও দারুণ প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
