রিসেট

দেরিতে অভিষেক জাকেরের জন্য ‘আশীর্বাদ’

প্রকাশিত: ৬ মার্চ (বুধবার), ২০২৪ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা হয় সিরিজের তিন সপ্তাহ আগে। সেখানে জাকের আলী অনিকের নাম ছিল না। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ খেলছিলেন এই উইকেট কিপার ব্যাটার। বিপিএলের পারফরম্যান্সে জাকেরকে জাতীয় দলের প্রত্যাশা করেছিলেন তার দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেটা না হওয়াতে ক্ষুব্ধ হয়ে নির্বাচকদের কঠোর সমালোচনা করেছিলেন তিনি। এ নিয়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। লঙ্কা সিরিজে দল ঘোষণার মধ্যদিয়ে শেষ হয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেলের মেয়াদ। নয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব নিয়েই জাকেরকে জাতীয় দলে সুযোগ করে দেন। প্রথম ম্যাচেই মাঠে নেমে বুক চিতিয়ে ঝড়ো ইনিংস খেলেন জাকের। ৩৪ বলে করেন ৬৮ রান। তার ব্যাটে ২০৭ রান তাড়া করে শেষ ওভারে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। মরা ম্যাচে জীবন দিয়ে অভিষেকেই নায়ক বনে যান জাকের। তার এমন পারফরম্যান্সের পর আবারো প্রশ্ন ওঠে কেন এতদিন পর সুযোগ দেয়া হলো তাকে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক সিলেটের সন্তান রাজিন সালেহ মনে করেন দেরিতে সুযোগ পাওয়াই আশীর্বাদ হয়েছে জাকেরের জন্য। দৈনিক মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন: জাকেরকে দেরিতে সুযোগ দেয়া নিয়ে বিতর্ক চলছে। আপনি কি মনে করেন আসলেই পাইপ লাইনের ক্রিকেটারদের প্রতি অবহেলা হচ্ছে?
রাজিন: আসলে সবার ভাবনা এক রকম হয় না। হয়তো আমি আগে ভাবতাম এমনটাই। কিন্তু আমার জীবন থেকে শিক্ষা নিয়ে বলছি দেরিতে সুযোগ পাওয়াতেই জাকেরের জন্য ভালো হয়েছে। আমি ও জাতীয় দলের নতুন নির্বাচক হান্নান একটা কথা সবসময় এখন বলি যে, অনূর্ধ্ব-১৯ এর পর অন্তত তিন বা চার বছর ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে শক্ত করেই জাতীয় দলে আসা উচিত। এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লীগে নিয়মিত খেলে পরিশ্রম করলেই কিন্তু একজন ক্রিকেটার পরিণত হবে।  

প্রশ্ন: তাহলে কি বলছেন দেরিতে সুযোগ পাওয়াটা জাকেরের জন্য আশীর্বাদ?
রাজিন: অবশ্যই অনেক বড় আশীর্বাদ। আমি আমার জীবন দিয়েই উদাহরণ দিচ্ছি। আমি ২০০০ এ যখন সুযোগ পাই তার পর কিন্তু হারিয়ে গিয়েছিলাম। তিন বছর তখন আমি ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম করি। এরপর ফিরেছি জাতীয় দলে। সেই সময়টা আমার মনে হয়েছে আমি যদি পরিপক্ব হয়ে জাতীয় দলে সুযোগ পেতাম তাহলে হয়তো আমাকে কষ্ট করতে হতো না। কারণ ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে যখন সুযোগ পেয়েছি তখন বড় বোলার ফেস করতে আমার কষ্ট হয়নি। জাকেরও গেল কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে এনসিএল, বিসিএলে দারুণ পরিশ্রম করেছে। ধারাবাহিক পারফরম্যান্স করেছে। সে সেখানে নিজেকে  তৈরি করতে পেরেছে বলেই সুযোগ পেয়ে এমন এক ইনিংস খেলার সাহস দেখিয়েছে। এই কারণেই আমি বলছি তার জন্য দেরিতে সুযোগটা সত্যি আশীর্বাদ।

প্রশ্ন: অস্ট্রেলিয়াতে অভিষেকে হওয়া ক্রিকেটারদের গড় বয়স ৩০। তারা ঘরোয়া ক্রিকেট লম্বা সময় খেলেই জাতীয় দলে সুযোগ পান। বাংলাদেশেও কি এই ধারাটা চালু করা উচিত কিনা?
রাজিন:  দেখেন আমাদের এখানে কি হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলে বা ঘরোয়া ক্রিকেটে এক বছর ভালো করলেই তাকে আমরা জাতীয় দলে সুযোগ করে দেই। কিন্তু এটা হওয়া উচিত না। ওই ছেলেটাকে ধারাবাহিক কয়েক বছর পরিশ্রম করে পারফর্ম করার সুযোগ দিতে হবে। নয়তো এসে জাতীয় দলের যে চাপ সেটা সহজেই নিতে পারবে না। পরিপক্ব হওয়ার সময় দিতে হবে। আরেকটা বড় বিষয় হলো এই বিষয়টার জন্য শুধু নির্বাচক, কোচ, বা বিসিবি দায়ী নয় এখানে সমানভাবে দায় নিতে হবে মিডিয়াকেও। কারণ একটা ছেলে ভালো করলেই তাকে নিয়ে এত মাতামাতি এত রিপোর্ট করা হয় যে তাকে তখন দলে নিতে বাধ্য হয় নির্বাচকরা। এখনো বলছি জাকের একটা ইনিংস ভালো করেছে। তাকে তার মতো খেলতে দেন, ওকে নিয়ে এত মাতামাতি ঠিক হবে না। এতে ওর উপর প্রত্যাশার চাপটাই বাড়বে।

প্রশ্ন: জাতীয় দল গঠনের প্রবেশ নিয়ে সমালোচনার শেষ নেই। এখানে কি রকম পরিবর্তন আনা উচিত?
রাজিন: আগের ধারাতেই ফিরতে হবে। আমাদের সময় ‘এ’ দলে খেলেই সুযোগ পেতো জাতীয় দলে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রসেস ছিল। আবার জাতীয় দলে খারাপ করে বাদ পড়লে ‘এ’ দলে খেলে রিকভার করার সুযোগ থাকতো। এখন ‘এ’ দলের খেলা নেই বললেই চলে। এইচপি আছে সেখানেও খুব বেশি খেলা নেই। আপনি ভারতের দিকে তাকান ওদের ‘এ’ দল সারা বছর কতো ম্যাচ খেলে সেই তুলনায় আমাদের খেলা নেই বললেই চলে। আমি মনে করি ‘এ’ দলকে শক্ত করা উচিত তাহলে পাইপ লাইন নিয়ে চিন্তা করতে হবে না। জাতীয় দলে কেউ খারাপ করলেও ঘরোয়া ক্রিকেটে কে ভালো করছে সেখানে না খুঁজলেও চলবে। ব্যাকআপ থাকবে ‘এ’ দলেই।

প্রশ্ন: আপনারা দু’জনই সিলেটের সন্তান। জাকেরের সঙ্গে ছোট বেলা থেকেই আপনি আছেন। তার জন্য  আপনার বার্তা কি?
রাজিন: সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে এখন ধারাবাহিক হতে হবে জাকেরকে। শুধু জাকেরের জন্যই না আমি সব তরুণ ক্রিকেটারদের বলতে চাই অন্তত তিন বছর ঘরোয়া ক্রিকেটে খেলে পারফর্ম করেই তোমরা জাতীয় দলের স্বপ্ন দেখো।