রিসেট

টাইগারদের সাদামাটা বোলিং, শ্রীলঙ্কার রেকর্ড

প্রকাশিত: ৫ মার্চ (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

২০২৪ বিপিএলের সর্বাধিক উইকেটের মালিক শরিফুল ইসলাম। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শেখ মেহেদী হাসানের। তালিকার চারে তাসকিন আহমেদ। সেরা দশে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। দুর্দান্ত বিপিএলের টাটকা স্মৃতি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করা টাইগার বোলাররা রঙ ছড়াতে পারেননি প্রথম টি-টোয়েন্টিতে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শরিফুল-তাসকিনদের সাদামাটা বোলিংয়ে রানের পাহাড় গড়ে লঙ্কানরা। ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ পৌঁছে ২০৬/৩-এ।  এতে রেকর্ড হয় শ্রীলঙ্কার।

‘আমরা আগে বোলিং করতে চাই। কারণ রাতে কুয়াশা পড়বে। আমাদের দলে ভালো খেলোয়াড় রয়েছে। দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে খেলব আমরা’- টসে জিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সিদ্ধান্ত জানান বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে টাইগার বোলাররা শুরুটা ভালোও করে। ইনিংসের প্রথম বলে বাউন্ডারি খেলেও পরের বলেই উইকেট নিয়ে দুর্দান্ত সূচনা করেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারে মাত্র চার রান দেয়া টাইগার পেসার এরপরই খেই হারান। বাকি তিন ওভারে দেন ৪৩ রান। ৪ ওভারে সর্বোচ্চ ৪৭ রান খরচ করা শরিফুল একটি উইকেট নেন। ৪০ রানের খরচায় ১ উইকেট নেন তাসকিন আহমেদ। এই পেসারও দুর্দান্ত শুরু করেছিলেন। তাসকিনের প্রথম ওভারে তার গতি আর বাউন্সার সামলে সিঙ্গেলে ৬ রান নিতে সক্ষম হয় লঙ্কান ব্যাটাররা। তবে বাকি তিন ওভারে ৩৪ খরচ করেন তাসকিন। ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের তিন পেসার মিলেই দিয়েছেন ১২৯ রান। এক উইকেট নেয়া রিশাদ হোসেন খরচ করেন ৩২ রান। শেখ মেহেদী ৩০ রান দিয়ে পাননি কোনো উইকেট। টাইগারদের বর্ণহীন বোলিংয়ে ৩ উইকেটে ২০৬ রান তোলে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। প্রথম ওভারের দ্বিতীয় বলে লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে (৪) সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫ম ওভারের তৃতীয় বলে কামিন্দু মেন্ডিসকে আউট করেন তাসকিন। সৌম্য সরকারের তালুবন্দি হওয়ার আগে ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রান করেন এই ব্যাটার। এরপর টাইগার বোলারদের শাসন করে ৯৬ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। ভয়ঙ্কর হয়ে ওঠার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। ১৫তম ওভারের ৪র্থ বলে টাইগার লেগ স্পিনারের শিকার হওয়ার আগে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন কুশাল। চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে নিয়ে আরো ৭৩ রান তোলেন সামারাবিক্রমা। ২১ বলে ৬ ছক্কার ঝড়ো ইনিংসে ৪৪* রান করেন আসালাঙ্কা। দলীয় সর্বোচ্চ ৬১ রান আসে সামারাবিক্রমার ব্যাট থেকে। ৪৮ বলের ইনিংসটি ৮ চার ও ১ ছক্কায় সাজান এই উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার ২০৬ রানের ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে করা তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৮ সালের মার্চে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২১৪ রান তুলেছিল লঙ্কানরা। একই বছর ফেব্রুয়ারিতে সিলেটে টাইগারদের বিপক্ষে ২১০ রান করেছিল শ্রীলঙ্কা।