রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত

তদন্ত কমিটি গঠন

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত

ফন্ট সাইজ:

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হককে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত ছিলেন। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের নাম থাকার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে ৫৮ শিক্ষকের নাম ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শনাক্ত ৫৮ শিক্ষকের বিষয়ে কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখবে। তদন্তে নতুন করে আরও কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং তৎকালীন শাসনব্যবস্থাকে মদদ দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কয়েকজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও বরখাস্তও করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একাধিক শিক্ষক বয়কটের মুখে রয়েছেন।

নতুন এই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।