প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়।  বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য তাকে মনোনয়ন দেয়া রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।

রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আবেদন জানানো হয়েছে। রুলে জানতে চাওয়া হবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন বাতিল ঘোষণা করা হবে না।

ওই রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকলে ওইদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।