বাংলাদেশ সফরে নিজেদের নাগরিকদের উচ্চ মাত্রায় সতর্ক করেছে কানাডা। বলা হয়েছে, সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ ও দেশজুড়ে ধর্মঘটের কারণে এই সতর্কতা দেয়া হয়েছে। সামান্য সতর্কতার মধ্যেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। কানাডা সরকারের ওয়েবসাইটে নিয়মিত ভ্রমণ সতর্কতার অংশ হিসেবে এমনটা বলা হয়েছে। সর্বশেষ আপডেট করা সতর্কতায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ব্যাপক জাতিগত সংঘাতের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব রকম ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
ওই সতর্কতায় আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থির। রাজনৈতিক উত্তেজনা এখনও তীব্র। বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক র্যালির জবাবে সামান্য সতর্কতার মধ্যেই বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিতে পারে। এমন অবস্থায় পরিবহন চলাচল বিঘ্ন ঘটতে পারে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। সহিংস সংঘাত ঘটতে পারে। হাতবোমা বিস্ফোরণ, অগ্নি সংযোগ সহ ক্রমবর্ধমান সহিংসতার জবাবে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা বৃদ্ধি করেছে।
