সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদের এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০জন রয়েছেন।
নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
নিহতরা হলেন-শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের মৃত ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের মো. লুৎফর (৩২), কলিমুদ্দিন (৩০), মোহন (জান্ডার) ও রুবেল, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে মো. জলিল ও বিষা ইউনিয়নের আজাহারের ছেলে সাগর, মাধবপুর গ্রামের মজনুর ছেলে মজিদুল এবং দুবাই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (৩০) ও মৃত বাদলের ছেলে সুমন।
তবে বাকি ৬ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে ৭ জনের মৃত্যুর বিষয়টি জানা ছিল। পরে ১০ জনের মৃত্যুর খবর জানা যায়। এখনও উপজেলার বিভিন্ন গ্রামের খোঁজ খবর নেয়া হচ্ছে।’
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এখনও পর্যন্ত আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।’
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
