চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ

ফন্ট সাইজ:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এফডিসি’র ৮ নম্বর ফ্লোরে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে শিল্পীদের কল্যাণে কাজ করার। বাস্তবসম্মত কাজের প্রতিই আমরা জোর দেবো। এর আগে গত ৩রা জুলাই উৎসবমুখর পরিবেশে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর ভোট গণনা শেষে ৪ঠা জুলাই ভোরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন যথাক্রমে খল অভিনেতা শিবা সানু ও জয় চৌধুরী। সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেনÑ আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।