রিসেট

‘কুস্তিগির’ সাঞ্জু জন

প্রকাশিত: ২১ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
‘কুস্তিগির’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন শাহীন সুমন। ছবিটির নায়ক-নায়িকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নায়ক বাপ্পি চৌধুরীকে মূল ভূমিকায় দেখা যাবে। আর তার বিপরীতে থাকছেন জাহারা মিতু। এবার জানা গেল ছবিতে বাপ্পির সঙ্গে কুস্তি লড়তে হাজির হবেন অভিনেতা সাঞ্জু জন। তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বাপ্পির পাশাপাশি তাকেও এই সিনেমায় কুস্তিগিরের ভূমিকায় দেখবেন দর্শক। বিষয়টি নিশ্চিত করে শাহীন সুমন বলেন, সাঞ্জু জন আমার আদরের ছোট ভাই। খুব পরিশ্রমী ও মেধাবী অভিনেতা। তাকে আমার ‘কুস্তিগির’ সিনেমাতে নায়ক হিসেবে পাচ্ছি। ভালো লাগছে। বেশ চমক আছে ওর চরিত্রটিতে। আশা করছি একটা জমজমাট সিনেমা উপহার দিতে পারবো দর্শকদের। ‘কুস্তিগির’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে সাঞ্জু জন বলেন, শাহীন সুমন ভাইয়ের প্রায় সব ছবিই ব্যবসা সফল। এমন একজন লাকী ও গুণী নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। সঙ্গে বাপ্পি, মিতুসহ চমৎকার কয়েকজন সহশিল্পী পাবো। একটা দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অপেক্ষা করছি। শাহীন সুমন জানান, ছবিতে দেখা যাবে স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে সাঞ্জু জন। সে ভালো কুস্তিগির। বাপ্পির সঙ্গে তার জমজমাট লড়াই চলমান থাকে সিনেমায়। আগামী ২২শে ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির শুটিং শুরু হবে।