রিসেট

সাংবাদিক নূরুল হোসেন আর নেই

প্রকাশিত: ২৮ মার্চ (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম দৈনিক ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র প্রকাশক ও সম্পাদক আলহাজ নূরুল হোসেন আর নেই। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরে তিন দফা নামাজে জানাজা শেষে গতকাল দুপুরে নাসিরনগরে গুনিয়াউক জমিদার বাড়ির পারিবারিক গোরস্তানে লাশ দাফন করা হয়। স্বাধীনতা পরবর্তী সাপ্তাহিক তিতাস প্রকাশনার মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্রের ইতিহাসে এই সাপ্তাহিকটিও অন্যতম। এরপর ১৯৯১ সালে তিনি দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠা করেন। যা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম দৈনিক। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকতার পথিকৃৎ। মঙ্গলবার তার প্রথম নামাজে জানাজা হয় ঢাকায়। গতকাল সকালে দ্বিতীয় নামাজে জানাজা হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘি ময়দানে। জানাজায় সর্বস্তরের মানুষ যোগ দেন। জানাজার আগে প্রয়াত নূরুল হোসেনকে নিয়ে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি এবং ইত্তেফাক ও বিটিভি’র সাংবাদিক মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক আল আমিন শাহিন ও প্রয়াত সম্পাদকের বড় ছেলে মাহবুব হোসেন শাহী। জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নূরুল হোসেন নাসিরনগরের গুনিয়াউকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।