সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান আর নেই
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান আর নেই। মঙ্গলবার রাত সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এএসএম শাহজাহান ১৯৪১ সালের ২৪শে অক্টোবর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আবদুল আউয়াল এবং মাতা মরহুমা মেহেরুন নেসা। তিনি ১৯৫৬ সালে দত্তপাড়া হাইস্কুল, নোয়াখালী থেকে এসএসসি, ১৯৫৮ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী ডিগ্রি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে ১৯৬৬ সালে এএসপি পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি টাঙ্গাইলের এসডিপিও, কুমিল্লা, খুলনা ও ঢাকা জেলার পুলিশ সুপার, ডিএমপির প্রথম ডিসি হেডকোয়ার্টার্স, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে সাবেক এই আইজিপির মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি ছাড়াও শোক প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এক শোক বার্তায় সুজন জানিয়েছে, সুজনের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি এএসএম শাহজাহান ছিলেন অনেক গুণে গুণান্বিত। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই মানুষটির প্রয়াণে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাসহ একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের আন্দোলনের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।