রিসেট

মান্নার কৃতাঞ্জলী কথাচিত্রের নতুন ছবি ‘জ্যাম’

প্রকাশিত: ১৩ জুলাই (শুক্রবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে কিছুদিন আগে নতুন ছবি প্রযোজনা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মান্নার স্ত্রী শেলী মান্না। এরইমধ্যে সব গুছিয়ে নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২৩শে জুলাই তিনি নতুন ছবির ঘোষণা দেবেন। এ প্রসঙ্গে শেলী মান্না মানবজমিনকে বলেন, প্রায় ১০ বছর পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছে ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। সবশেষ এই প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’ ছবিটি দর্শকরা দেখেছেন। এবারের ছবির নাম ‘জ্যাম’। অনেক আগেই এর গল্প নির্বাচন করা হয়েছিল। এ ছবির কাহিনী লিখেছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী (খোকা) ভাই। এ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। ছবির কাস্টিংয়ে বেশকিছু চমক রয়েছে। অনুষ্ঠানে শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানিয়ে দেয়া হবে। দর্শকদের একটি ভালো ছবি উপহার দেয়ার চেষ্টা থাকবে। উল্লেখ্য, মান্না শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তার প্রযোজনা প্রতিষ্ঠান ছিল ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। তার প্রযোজিত অধিকাংশ সিনেমায় ব্যবসাসফল ছিল। সিনেমাগুলো হচ্ছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’। ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন।