সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিয়েছে। আগামী বছরের ২৮ থেকে ৩০শে মে ঢাকায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। সিজিএস আগামীতে প্রতি বছরই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করবে। এবারের আয়োজনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের বিষয়সংশ্লিষ্ট গবেষক-শিক্ষক-লেখক-সমরবিদ-সাংবাদিক-ব্যবসায়ী, রাজনীতিকসহ নানা পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তাসহ ছয় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন।
এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা। আপনারা জানেন যে, এরই মধ্যে বঙ্গোপসাগর অধ্যুষিত এ অঞ্চল বিশ্বের মনোযোগের কেন্দ্রে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি অন্যদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এ অর্জনগুলো টেকসই হলে এর সুফল শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বাকি বিশ্বও এ ধারায় যুক্ত হবে। অন্যদিকে এ অঞ্চলের নানা দেশে দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্টীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে। এ ধারা অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। এসব সামগ্রিক বিষয় নিয়ে এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের বাইরের বিশ্বকেও ভাবতে হবে। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘বে অফ বেঙ্গল কনভারসেশন-এর নানা পর্বে প্রাণবন্ত আলোচনা-বিতর্কের মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান সূত্রসমূহ উপস্থাপন করা হবে।
আয়োজন সম্পর্কে সিজিএস-এর নির্বাহী পরিচালক এবং ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’-এর চেয়ার জিল্লুর রহমান বলেছেন, এর মাধ্যমে আমরা একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফরম গড়ে তুলতে চাই। আমরা মনে করি, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর এ আয়োজনের মধ্য দিয়ে উঠে আসবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, এ ধরনের উদ্যোগ বড় পরিসরে আলোচনা ও বিতর্কের ক্ষেত্র তৈরি করবে।
