রিসেট

বিএসএফ’র বাধায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের কাজ বন্ধ

প্রকাশিত: ২৬ জুন (শনিবার), ২০২১ Archive 2018Source: ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জুম্মারপাড় সীমান্তে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের প্রায় ৩শ’ মিটার সড়ক পাকাকরণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফলে ওই স্থানে সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। গত রোববার সীমান্ত সংলগ্ন ওই সড়কের কাজ বন্ধ রাখতে বিজিবি’কে চিঠি দেয় বিএসএফ। কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ৫৫  কোটি টাকা ব্যয়ে উপজেলার আছিয়ার বাজার থেকে নাগেশ্বরী কলেজ মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণের কাজ শুরু করে ওটিবিএল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু উপজেলা সদরের জুম্মারপাড় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ৯৩৭/৮ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৯৩৮ নম্বর পিলার পর্যন্ত ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কটির প্রায় ৩শ’ মিটার এলাকা শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে অবস্থিত হওয়ায় ভারতীয় ৩৮ বিএসএফ’র অধীন কুর্শাহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা গাইড ওয়াল সহ সড়ক নির্মাণ কাজে বাধা দেয়।
ওটিবিএল’র উপ-সহকারী প্রকৌশলী রাসেল জানান, বিএসএফ’র বাধার কারণে আপাতত সড়কের ওই অংশ বাদ রয়েছে। তবে সড়কের বাকি অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে।
লালমনিরহাটর ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম জানান, সড়কটির কিছু অংশ সীমান্তের শূন্য লাইন  থেকে ১৫০ গজের মধ্যে পড়ায় বিএসএফ লিখিতভাবে নির্মাণ কাজে বাধা দিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশেরই পাকা স্থাপনার কাজ করার বিধান নাই। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার  চেষ্টা করা হচ্ছে।