সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা বৈঠকটি হয়। সমঝোতা বৈঠকটি সফল হওয়ার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। তবে তার দাবি, তিনি সমঝোতা বৈঠকে ছিলেন না। এটা সিনিয়ররা করেছেন। কী শর্তে সমঝোতা হয়েছে বা সমঝোতা পরবর্তী মামলা প্রত্যাহারে কোন শর্ত যুক্ত রয়েছে কি-না তা তিনি নিশ্চিত করেননি। বলেন, এ বিষয়ে জেলা বা বিভাগীয় প্রশাসনের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হবে। বৈঠক বিষয়ে প্রকাশিত ছবিতে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনকে দেখা গেছে। এর আগে দুপুরে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, শিগগিরই সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে রাতেই সেই সমাধান এলো।
এদিকে বৈঠক শেষে গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা অবগত আছেন যে, গত ১৮ই আগস্ট রাতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুল বোঝাবুঝির কারণে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল, তার অবসানকল্পে আজ রাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
‘বৈঠকে অতীতের সকল ভুল বোঝাবুঝি ভুলে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।’
