রিসেট

মমর প্রেমিকের কারণে...

প্রকাশিত: ৬ আগস্ট (সোমবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
রাইসুল ইসলাম আসাদ ও জাকিয়া বারী মম দু’জনেই ছোট এবং বড় পর্দায় অভিনয় করেন। আসাদ এবং মম বাবা-মেয়ের চরিত্রে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। তবে সর্বশেষ তাদের দু’জনকে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’ চলচ্চিত্রে বাবা-মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। আবার তাদের এমন চরিত্রে অভিনয়ে দেখা যাবে নজরুল ইসলাম রাজু নির্দেশিত ঈদ বিশেষ টেলিফিল্ম ‘বেলী অতঃপর’-এ। এর গল্পে দেখা যাবে রাইসুল ইসলাম আসাদ একজন ব্যবসায়ী। কিন্তু মমর প্রেমিক সাংবাদিক মিলনের একটি সংবাদের কারণে তার ব্যবসায় ধস নেমে আসে। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। নির্মাতা নজরুল ইসলাম রাজু জানান, আসছে ঈদে এনটিভিতে
প্রচার হবে ‘বেলী অতঃপর’ টেলিফিল্মটি। এরইমধ্যে এটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। তবে এর গল্পের প্রয়োজনে আগামী ৯ ও ১০ই আগস্ট রাজশাহীতে ট্রেনে যেতে যেতে এবং ঢাকায় ফিরে শুটিং হবে। ‘বেলী অতঃপর’-এর নাট্যরূপ দিয়েছেন পার্থিব শাহরিয়ার ও মেজবাহ উদ্দিন সুমন। এদিকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে রাইসুল ইসলাম আসাদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘নিউ ইয়র্ক থেকে বলছি’। অন্যদিকে আগামী ঈদে রায়হান রাফি পরিচালিত মম অভিনীত ‘দহন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা ঈদের পর মুক্তি পাবে।