ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়
প্রকাশিত: ১১ জুন (সোমবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। তবে শুরুতেই তাদের পড়তে হচ্ছে ট্রেনের শিডিউল ভোগান্তিতে। গতকাল সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে। সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে। যারা ১লা জুন টিকিট সংগ্রহ করেছেন তারাই গতকাল যাত্রা করেছেন। তবে ঘরমুখো হাজারো মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। তবে শিডিউল ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কমলাপুর রেলস্টেশনে কামরান খান নামে এক যাত্রী বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে। বাসে ভোগান্তি বেশি, তাই এবার ট্রেনে বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু ট্রেনের দেরিতে হতাশ এই যাত্রী।