রিসেট

একসঙ্গে আসিফ-নদী

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর বর্তমানে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। দিনে অডিও আবার রাতে ভিডিওর শুটিংয়ে অংশগ্রহণ, এভাবেই চলছে তার চলতি সময়টা। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু গান ও ভিডিও প্রকাশ হবে এ শিল্পীর। এর মধ্যে থেকে সম্প্রতি নতুন একটি দ্বৈত গানের কাজ শেষ করেছেন আসিফ। গানের নাম ‘আজ হারাই’। এ গানটি আসিফের সঙ্গে গেয়েছেন সেরাকণ্ঠ তারকা মৌমিতা তাশরিন নদী। মাহমুদ জুয়েলের কথায় এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। আর গানটির ভিডিও পরিচালনা করছেন ইয়ামিন এলান। এ গানের ভিডিওতেও ভিন্নরূপে হাজির হবেন আসিফ ও নদী। এর ভিডিও আসিফের আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ভালোবাসা দিবসে বেশ কিছু গানই করছি। তার মধ্যে ‘আজ হারাই’ অন্যতম। মাহমুদ জুয়েল লিখেছেন। আর সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। আমার সঙ্গে নদী গেয়েছে গানটি। সব মিলিয়ে একটি ভালো রোমান্টিক গান হয়েছে। এখানেও কিছু চমক পাবেন শ্রোতা-দর্শক। নদী বলেন, আসিফ ভাইয়া আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন শিল্পী। তার সঙ্গে নতুন গান গাইতে পেরে ভালো লাগছে বেশ। গানটি গাইতেও আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস এর ভিডিও প্রকাশ হলে শ্রোতা-দর্শক পছন্দ করবেন।